রাষ্ট্রপতির কাছে ১৫ উপদেষ্টার নাম পাঠিয়েছে আ. লীগ
–তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে মঙ্গলবার দুপুরে তত্ত্বাবধায়ক উপদেষ্টা পদে ১৫ জনের নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ।
বঙ্গভবন থেকে ফিরে এসে আবদুল জলিল জানিয়েছেন, এখনই প্রস্তাবিত নামগুলো জানাতে চান না তারা।
দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ১৪ দলের নেতারা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে জোটের প্রস্তাবিত তালিকাটি হস্তান্তর করেন।
এর আগে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে এ ব্যাপারে আওয়ামী লীগ নেতারা এক বৈঠকে বসেন। এ সময়ে প্রস্তাবিত পাঁচ তত্ত্বাবধায়ক উপদেষ্টার নাম নিয়ে আওয়ামী লীগ নেতারা আইন বিশেষজ্ঞ ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের সঙ্গে আলোচনা করেন।
সুধা সদন থেকে বেরিয়ে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, রাষ্ট্রপতির সচিব পরিবর্তনের বিষয়টি লোক দেখানো। ছাত্রদলের একজন সাবেক সভাপতিকে কোন প্রটোকল অনুযায়ী রক্ষা করা হলো এ প্রশ্ন করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। তিনি এসময় বলেন, ওই সভাপতির সঙ্গে অবৈধ অস্ত্র থাকারও প্রমাণ ছিল।
