২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে আ’লীগ--বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১২

চারঘাট উপজেলায় রোববার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোঁড়ে। এর আগে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা ও ভাংচুর চালায় বিএনপি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কার্যালয়ে আ’লীগের শনিবারের হামলার প্রতিবাদে রোববার বিকেলে  বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। এর এক পর্যায়ে নারী শিশুদের বাজার ছেড়ে যাওয়ার জন্য মাইকিংও করে তারা। এর পরপরই বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের ব্যবসা--প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। এর মধ্যে ছাত্রলীগ নেতা মাইনুলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িও রয়েছে।

পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংগঠিত হয়ে বিএনপি কর্মীদের প্রতিরোধ করলে সংঘর্ষ ব্যাপক আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউণ্ড কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোঁড়ে। এতে পুলিশ সদস্য সাইদসহ উভয় পক্ষের ১২ নেতাকর্মী আহত হন।

এদিকে ১৪ দলের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এছাড়া পুলিশী পাহারায় সোনাদীঘির মোড় এলাকায় সকালে বিএনপি ও জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।  সন্ধ্যায় আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।