২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির নিষেধাজ্ঞা মানবে না ১৪ দল

রাজধানীতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও অবরোধ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে জারি করা মহানগর পুলিশের নির্দেশ মানবে না ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 01:25 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ২৮ অক্টোবর পল্টন ময়দানে মহানগর আওয়ামী লীগের সমাবেশে শেষে সমন্বিত কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশপাশি কে এম হাসান দায়িত্ব নিলেই দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা পুনর্ব্যক্ত করেছে ১৪ দল।

তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর উপস্থিতিতে সাংবাদিকদের আগামি আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানান ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল।

সাংবাদিকদের জলিল জানান, কে এম হাসান দায়িত্ব নিলেই যেন, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনা বিচ্ছিন্ন করে দিতে জোটের কেন্দ্রী নেতৃবৃন্দের কাছে নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে।

মহানগর পুলিশের নিষেধাজ্ঞা সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান এ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই বলে এর কোনো নির্দেশই জনগণ মানবে না।