মেঘনায় লঞ্চডুবির ঘটনায় আরও ৪টি লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের কাছে মেঘনায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চের নিখোঁজ আরও চার যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১৯।
বুধবার ঈদের দিন সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে স্থানীয়রা লাশ চারটি উদ্ধার করে। এদের মধ্যে তিনটিই শিশু। এরা হলো সাদিয়া (৯), আমেনা (১৩) ও সোহাগ (১০)। অপর একজন পুরুষের (৩২) লাশ সনাক্ত করা যায়নি।
শিশু তিনটির লাশ উদ্ধারের পর এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মুহূর্তেই এলাকাবাসীর ঈদ আনন্দ মিলিয়ে যায়।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতুইতলার কাছে লঞ্চটি পণ্যবাহী একটি কার্গোর ধাক্কায় সোমবার সকালে কমপক্ষে দেড়শ যাত্রী নিয়ে তলিয়ে যায়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এসময় ১৫টি লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা নাগাদ উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে দুর্ঘঠনাকবলিত লঞ্চটি ৬০ ফুট পানির নিচ থেকে টেনে তোলা হয়। এসময় লঞ্চে আরও কোন লাশ পাওয়া যায়নি।
তবে অনেক আত্মীয় স্বজন বলেছেন, তারা এখন পর্যন্ত তাদের স্বজনদের খুঁজে পাননি।
