সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাচালানী নিহত
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় ভূখন্ডে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে আমানউল্লাহ (২১) নামে ওই দেশের এক গরু চোরাচালানী নিহত হয়েছে।
আহত হয় আরেক চোরাচালানী। এছাড়া কয়েকটি গরুও মারা পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ভোরবেলা আকস্মিকভাবে বিএসএফের এই গুলি চালানোর ঘটনায় সীমান্তজুড়ে আতংক বিরাজ করছে।
এদিকে বাংলাদেশ সীমান্তে বিডিআরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তবে ঘটনাটি ভারতীয় ভূখন্ডে এবং নিহত ব্যক্তি ভারতীয় হওয়ায় বিডিআর এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হয়নি।
এলাকাবাসী জানান, আমানউল্লাহ ও তার সহযোগী মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তলুইগাছা সীমান্ত দিয়ে ১২টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ যখন গুলি চালায় তখন তারা ভারতীয় ভূখন্ডের ৫০০ গজ ভেতরে ছিল।
বিএসএফ সদস্যরা কমপক্ষে ২০ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে আমানউল্লাহ ঘটনাস্থলে নিহত হয়। তবে গুলিবিদ্ধ হলেও তার সহযোগী পালিয়ে যায়।
