প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন
চতুর্থ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে বঙ্গভবন।
বঙ্গভবনের দরবার হলে এই অনুষ্ঠান হবে। এজন্য ইতিমধ্যে তৈরি করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের তালিকা। তবে শপথ গ্রহণের দিনক্ষণ এখনো চূড়ান্ত করেনি বঙ্গভবন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, শপথ গ্রহণের একদিন আগে পুরো অনুষ্ঠানটির মহড়া অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), মন্ত্রিপরিষদ বিভাগসহ বঙ্গভবনের কর্মকর্তারা অংশ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী নফহবংি২৪.পড়স- কে জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের রাষ্ট্রপতির শপথ দেয়ার অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হয়েছে। তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই শপথ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিদের আমন্ত্রণ জানানো হবে। ওই তালিকায় এইচ এম এরশাদ, আবদুর রহমান বিশ্বাস, বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নাম রয়েছে। এতে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও সর্বশেষ সরকারের মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের আমন্ত্রণ জানানো হবে। সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি লতিফুর রহমানসহ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদেরকে আমন্ত্রণ জানানো হবে।
শপথ অনুষ্ঠানের পর অতিথিদের চা-পানের ব্যবস্থা থাকবে বলেও সূত্রটি জানায়।
