পুলিশ বিভাগে ঈদের ছুটি বাতিল
সরকারের অবশ্যম্ভাবী পরিবর্তনের কারণে উদ্বেগ দেখা দেওয়ায় পুলিশ বিভাগে ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রপলিটন পুলিশ কমিশনার এই উদ্বেগের কথা স্বীকার করে বলেছেন, তারা যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন।
ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতা হস্তান্তরের আগে ও পরে রাজধানীসহ সারা দেশে তাদের শক্তিমত্তা প্রদর্শনের উদ্যোগ নিচ্ছে।
ক্ষমতাসীন বিএনপি রোববার থেকে টানা তিনদিন পল্টন ময়দানে বিভিন্ন ধরনের দলীয় কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা--কর্মীকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সময় রাজধানীতে থাকার নির্দেশ দিয়েছেন।
অপরদিকে বিরোধী ১৪ দলীয় জোটও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার না হলে ২৭ অক্টোবরের পর ঢাকা অবরোধসহ বিভিন্ন ধরনের কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছে।
রাজনৈতিক দলগুলোর এই মুখোমুখি অবস্থানের কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন।
পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল নফহবংি২৪.পড়স কে জানান, দেশের মানুষের মতো আমরাও উদ্বিগ্ন। তবে আমরা যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছি।
পরিস্থিতি যাতে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করা যায় সেজন্য অনেক আগে থেকেই পুলিশের অতিরিক্ত সদস্যদের ঢাকায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে থেকে আরও সদস্য আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ঈদ ও সরকার পরিবর্তনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি বলেন, পুলিশের অনেক সদস্যকে অনেক আগেই আমরা ছুটি দিয়েছি, যাতে ঈদ ও সরকার পরিবর্তনের সময় নিরাপত্তার দায়িত্বে তাদের নিয়োজিত রাখা যায়। পুলিশ সদস্যদের বলা হয়েছে যে, ঈদ ও সরকার পরিবর্তনের পর তাদের আবারও ছুটি দেওয়া হবে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বলেন, এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ছুটি কিংবা তাদের তৎপরতা নিয়ে কোনো প্রশ্ন করা ঠিক না। আমাদের বরং দেশ নিয়ে ভাবা উচিত।
