২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিকল্পধারা মহাসচিবের জাকাতের পণ্যবাহী ট্রাকে হামলা-ভাংচুর

সদর উপজেলার দত্তবাড়ির মোড়ে বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের জাকাতের শাড়ী বহনকারী দুটি ট্রাকে রোববার বিকেলে সন্দেহভাজন স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 09:52 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এতে ট্রাক দুটির চালকসহ পাঁচজন আহত হয়।

এ সময় তারা প্রায় পাঁচ হাজার শাড়ী লুট করে বলে মেজর মান্নানের ছোট ভাই আলী আকবর জানান।

তিনি অভিযোগ করেন, সদরের বিভিন্ন এলাকায় গরীব--দুস্থদের মাঝে বিতরণের জন্য আনা জাকাতের শাড়ী বহনকারী দুটি ট্রাকে কয়েকজন স্থানীয় সন্ত্রাসী হামলা চালিয়ে পাঁচ হাজার শাড়ি লুট করে নিয়ে যায় এবং গাড়ি ভাংচুর করে।

সদর উপজেলার বিকল্পধারা সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, সন্ত্রাসীরা ইতোপূর্বেও একই স্থানে তিনটি গাড়ি ভাংচুর করেছে।

বিকল্পধারা নেতৃবৃন্দ এ ঘটনার জন্য স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেন।

তবে এ প্রসঙ্গে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।