গোদাগাড়ীতেও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক অবাঞ্ছিত
রাজশাহীর তানোরের মত গোদাগাড়ীতেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
গোদাগাড়ীর কাকনহাট মাদ্রাসা মাঠে রোববার এক প্রতিবাদ সমাবেশ থেকে নেতারা মন্ত্রী আমিনুল হককে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তাকে সব জায়গায় প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। গত ১৯ অক্টোবর বিএনপি ও যুবদলের উদ্যোগে তানোরে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে তাকে একদফা অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
গোদাগাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সহ সভাপতি কাকনহাট পৌর চেয়ারম্যান আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে কাকনহাট মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্ব এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন তানোর থানা যুবদলের সভাপতি এমরান আলি মোল্লা ,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, গোদাগাড়ী থানা যুবদলের সাধারন সম্পাদক হযরত আলি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান ও গোদাগাড়ী ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুল মজিদ মাষ্টার বলেন, ব্যারিস্টার আমিনুল হককে আমরা বার বার ভোট দিয়ে নির্বাচিত করি আর উনি নির্বাচনে জেতার পর ত্যাগী নেতা--কর্মীদের সাথে কোন যোগাযোগ রাখেন না। দুর্নীতিবাজ ও সুবিধাবাদীদের কাছে কাছে রাখেন। তিনি আরও বলেন, এবারে আমিনুল হককে কঠিনভাবে প্রতিরোধ করা হবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে আমিনুল হককে আগামী নির্বাচনে অপমানজনকভাবে গোদাগাড়ী ও তানোর থেকে বিদায় করতে হবে। মন্ত্রীর লাগামহীন দুর্নীতি ও অনিয়মের জবাব ভোটের মাধ্যমে দেয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান।
তানোর থানা যুবদলের সভাপতি এমরান আলি মোল্লা বলেন, গোদাগাড়ী ও তানোরের মানুষের এবার আমিনুল হককে প্রতিরোধ করা ছাড়া কোন বিকল্প নেই। তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-- কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আমিনুল হককে প্রত্যাখ্যান করে সকলকে তার অনিয়ম ও দুর্নীতির জবাব দিতে হবে।
তানোর থানা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল বলেন, মন্ত্রী যাতে আগামী নির্বাচনে অবৈধভাবে উপার্জিত কোটি কোটি টাকা দিয়ে গোদাগাড়ী ও তানোরের জনমতকে প্রভাবিত করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
