২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বানেশ্বরে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০

পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে কলা বিক্রিকে কেন্দ্র করে সোমবার দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার সকালে ঘন্টাব্যাপী এই সংঘর্ষ চলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে রাজশাহী শহর থেকে র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বানেশ্বর হাটে কলা বিক্রিকে কেন্দ্র করে খুটিপাড়া গ্রামের শাহাবাজ নামে এক ব্যক্তির সাথে নামাজ গ্রামের সাত্তার মেম্বারের ছেলে মুরাদের মারামারি হয়। এর জের ধরে সোমবার সকালে খুটিপাড়া গ্রামের হায়দার লোকজন নিয়ে নামাজ গ্রামের মিনারুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে সাত্তার মেম্বারের নেতৃত্বে নামাজ গ্রামের লোকজন লাঠি--সোটা নিয়ে বানেশ্বর বাজারে আসে। এ সময় খুটিপাড়া গ্রামের শাহবাজ ও আমজাদের নেতৃত্বে আরেকটি দল বাজারে লাঠি--সোঠা নিয়ে উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় প্রায় ৩০ জন।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুদলের সংঘর্ষ চলার সময় ঢাকা--রাজশাহী মহাসড়কের ট্রাফিক মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় গুলিতে আহত হয় আরিফ।

গুরুতর আহত আরিফ, মিনারুল ও জব্বারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে; মান্নান, মোস্তফা, মমিনকে পুঠিয়া হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

জানা গেছে, পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শায়লা ফারজানা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতেশাম বিবদমান দুই পক্ষকে বাজারের স্বার্থেই ঘটনাটি মীমাংসা করে ফেলার নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলও তারা জানিয়েছেন।