রাজশাহীতে সাংবাদিকদের হুমকি অব্যাহত, প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোর সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। এখানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী শাখার সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহাতাব চৌধুরী, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবীদ অপু, উইমেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুয়ারা খাতুন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান প্রমুখ।
বক্তারা একজন জনপ্রতিনিধি হয়ে বাকস্বাধীনতা হরণের এই চেষ্টার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি আগামী নির্বাচনে তার মতো সন্ত্রাসীকে মনোনয়ন না দেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তারা। নাদিম মোস্তফাসহ যে কোনো সন্ত্রাসীর হুমকি কিংবা হামলার মোকাবেলা সাংবাদিক সমাজ নিয়মতান্ত্রিকভাবে করবে বলে বক্তারা উল্লেখ করেন।
রাজশাহী--৪ আসনের সাংসদ নাদিম মোস্তফা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনু মোস্তফাকে হত্যার হুমকি দেন। এদিকে দৈনিক সমকালে নাদিম মোস্তফাকে নিয়ে সংবাদ প্রকাশের কারণে সমাবেশ চলাকালে সেখানে উপস্থিত সমকালের রাজশাহী ব্যুরো প্রধান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শিবলী নোমানকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয় নাদিম মোস্তফার ক্যাডার পুঠিয়া উপজেলা ছাত্রদল সভাপতি জুলফিকার আলী ভুট্টো।
এ ব্যাপারে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
