জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস রোববার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস রোববার যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
১৯৮৫ সালের এই দিনে ঝড়ের রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মিলনায়তনের ছাদ ধ্বসে ছাত্র--কর্মচারী ও অতিথিসহ ৩৯ জন নিহত হন। আহত হন প্রায় ৩শ’, যারা আজো সেই দুঃসহ বেদনার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর এই দিনে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ প্রার্থণা ও স্মরণসভার মাধ্যমে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে। প্রতিবছর এ দিনটি শোক দিবস হিসেবে পালন করা হয়।
কিন্তু বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ হল কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি পালন করলেও হলের পুরাতন ভবনটি সংস্কার বা পুণঃনির্মানের ব্যাপারে একেবারেই উদাসীন।
২০০৬ সালের ৫ আগস্ট মৃদু ভূমিকম্পে জগন্নাথ হলের পূর্বভবন কেঁপে ওঠে। শিক্ষার্থীরা ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে। তখন তারা এ ভবনের পুণঃনির্মাণ দাবি করলে উপাচার্য হলের ভেতরে পুকুরের পাশের পুরনো টিনশেড ভবনটির পরিবর্তে একটি আটতলা ভবন নির্মাণের আশ্বাস দেন। যদিও এখন পর্যন্ত ওই ভবনের পুণঃনির্মাণ বা নতুন ভবনের কাজ শুরু হয়নি।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, খুব শীঘ্রই ভবনটি পুণঃনির্মাণের কাজ শুরু করা হবে।
