পৃথিবী বাংলাদেশকে আবার স্বীকৃতি দিল: প্রফেসর ইউনূস
‘এটি অত্যন্ত আনন্দের বিষয়। দেশ--জাতি সবার জন্যই আনন্দের বিষয়। সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ কাজের সাথে যারা জড়িত তারাও আনন্দ--উৎসব করছে।’
শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বিকেল ৪টা ১১ মিনিটে নিজের বাসা থেকে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘পৃথিবী আজ বাংলাদেশকে আবার স্বীকৃতি দিল। এটি আমাকে আরও বড় কাজে উদ্বুদ্ধ করবে। দারিদ্র নিরসনে আরও উৎসাহিত করবে। দরিদ্র মানুষ যেন শান্তিতে থাকে, সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকে, সেটিই আমার লক্ষ্য’।
নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দরিদ্রতমদের ঋণ দেওয়ার মাধ্যমে দারিদ্র দূর করা গেলে সব সমস্যারই সমাধান হতে পারে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘দারিদ্র দূরীকরণ একটি দেশের ও একটি মানুষের প্রকৃত চিত্র দিতে পারে। একজন মানুষ যখন দারিদ্রের কষাঘাতে জর্জরিত তখন তার না থাকে নিজের প্রতি শ্রদ্ধা, না থাকে মর্যাদা’।
তিনি বলেন, ‘আমি আশা করি, আমরা যখন দারিদ্র দূর করার জন্য একসঙ্গে কাজ করবো তখন এদেশে এবং বিশ্বে প্রকৃত অর্থেই শান্তি অবশ্যই প্রতিষ্ঠা করা সম্ভব হবে’।
ইউনূসের পাশাপাশি ১৯৭৬ সালে তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও এই পুরস্কার পেয়েছে। তাঁর প্রবর্তিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের ১০০টি দেশেরও বেশী দেশে মডেল হিসেবে চালু করা হয়েছে।
তিনি বলেন, পুরস্কার হিসেবে তিনি যে প্রায় সাড়ে নয় কোটি টাকা পাবেন তা বিশ্ব দারিদ্র দূরীকরণ কর্মসূচিকে সামনে রেখে তার দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, দারিদ্রের বিরুদ্ধে এখন তার যুদ্ধ বিশ্বের সব দেশে আরও জোরদার করা হবে। অধিকাংশ দেশেই ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। বিশ্বের কোথাও দারিদ্র থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রফেসর ইউনূস বলেন, সকলের উদ্দেশ্য যদি হয় দেশ ও জাতির মঙ্গল করা, তাহলে একসাথে কাজ করলে যে কোন কাজেই সফলতা পাওয়া সম্ভব।
তিনি জানান, প্রথমে বিকাল ৩ টায় নরওয়ে টেলিভিশন থেকে টেলিফোনে তাকে খবরটি জানানো হয় এবং টেলিফোনেই তারা একটি সাক্ষাৎকার নেয়।
প্রফেসর ইউনূস আরও বলেন, ‘আমার স্বপ্ন হচ্ছে-- গরীব লোক থাকবে না, দরিদ্র মানুষ থাকবে না। আমার প্রথম কাজ হবে, যে উদ্দেশ্যে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে, সে কাজ যেন আরও ভালভাবে করতে পারি।’
এ সময় তাকে ঘিরে ছিলেন স্ত্রী প্রফেসর আফরোজা ইউনূস, ছোট মেয়ে দীনা ইউনূস, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান এবং গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা--কর্মচারীরা।
সংবাদ সম্মেলনের জন্য মিরপুর ২ নম্বর সেকশনের গ্রামীণ ব্যাংক সদর দপ্তর কমপ্লেক্সের বাসভবন থেকে অল্প কিছু দূরে হেঁটে মিলনায়তনে পৌঁছাতে প্রফেসর ইউনূসের ৩৫ মিনিট সময় লাগে।
পুরো সময় ফটো সাংবাদিক ও বিভিন্ন বেসরকারী টেলিভিশনের ভিডিওগ্রাফাররা তাকে ঘিরে রাখেন। এসময় সংবাদ মাধ্যমের সাংবাদিকরা তাকে বিরামহীনভাবে একের পর এক প্রশ্নও করে যাচ্ছিলেন। তুমুল হট্টগোল আর ধাক্কাধাক্কির মধ্যেও হাস্যোজ্জ্বল প্রফেসর ইউনূস ছোট ছোট বাক্যে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, ‘৩০ বছর আগে দারিদ্র নিরসনে ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা যে কাজ শুরু করেছিলাম, আজ সারা বিশ্বে এ কাজ ছড়িয়ে গেছে। বিভিন্ন সময় গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে নানা রটনা ও গুজব হয়েছে। কিন্তু আজ সবকিছুর অবসান হলো।’
আপনি অর্থনীতিতে নোবেল পুরস্কার না পেয়ে শান্তির জন্য কেন এই পুরস্কার পেলেন, এ প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘সেটা তো আমি বলতে পারবো না, নোবেল কমিটি এটা বলতে পারবে।’
প্রফেসর ইউনূস বলেন, ‘তবে আমি বলবো পৃথিবীতে যেন আর দুর্ভিক্ষ না থাকে, দরিদ্র মানুষ যেন না থাকে, সর্বত্র যেন শান্তি থাকে।’
বিকাল পৌণে ৫ টার দিকে তিনি মিলনায়তনে পৌঁছালে সেখানে অপেক্ষমান গ্রামীণ ব্যাংক কর্মীরা শ্লোগান ধরেন-- গ্রামীণ ব্যাংক জিন্দাবাদ/ প্রফেসর ইউনূস জিন্দাবাদ/ঐক্য--কর্ম--শৃঙ্খলা আমাদের অঙ্গীকার/ গ্রামীণ ব্যাংকের আলো/ঘরে ঘরে জ্বালো ইত্যাদি।
অসংখ্য ফটো সাংবাদিকের ফ্লাশগানের আলোয় উজ্জ্বল প্রফেসর ইউনূস আরও বলেন, ‘আমরা একটা অর্জন করলাম, সেটা যেন ধরে রাখতে পারি। যে উদ্দেশ্যে এ পুরস্কার দেওয়া হয়েছে, সেটা যেন অব্যাহত থাকে। বাংলাদেশের গরীব মানুষ যেন আর গরীব না থাকে।’
প্রফেসর ইউনূস বলেন, ‘এ পুরস্কার পেয়ে ব্যক্তিগতভাবে আমি আনন্দিত। পুরো দেশ, জাতি ও গ্রামীণ ব্যাংক কর্মীরাও আনন্দিত। রমজান মাসে এ পুরস্কার পাওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি একইসাথে ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে। সব সরকারের আমলেই আমি সহযোগিতা পেয়েছি। সেজন্য তাদেরও ধন্যবাদ জানাই।’
প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘এতোদিন আমরা বিশ্বের অন্যান্য দেশের কাছ থেকে অনেক কিছু নিয়েছি। কিন্তু আজ আমরা বিশ্ববাসীকে একটা মডেল দিতে পেরেছি। এই মডেল দারিদ্র নিরসনে সহায়ক হবে।’
পরে তিনি গ্রামীণ ব্যাংক কর্মীদের সাথে করমর্দন ও কোলাকুলি করেন। অনেক কর্মী তাকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন। আবার কেউ বা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
