নোবেল শান্তি পুরস্কার পেলেন অধ্যাপক ইউনূস
সারাবিশ্বে ক্ষুদ্র ঋণদান খাতে অগ্রদূত হিসেবে পরিচিত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। দুই দশকেরও বেশি সময় আগে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককেও যৌথভাবে ওই পুরস্কার দেওয়া হয়। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমাজের বড় এক জনগোষ্ঠী দারিদ্র থেকে মুক্তির উপায় খুঁজে না পেলে স্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়। এর একটি উপায় হলো ক্ষুদ্র ঋণ।’
তের লাখ ৬০ হাজার ডলার মূল্যের এই পুরস্কারের জন্য এ বছর প্রার্থী সংখ্যা ছিল ১৯১।
পুরস্কার পাওয়ার পর নরওয়ের টেলিভিশনে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, ‘আমি খুশি, খুবই খুশি। আপনারা দারিদ্র--মুক্ত বিশ্ব অর্জনের স্বপ্নকে স্বীকৃতি দিয়েছেন।’
রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেনের পর ৬৬ বছর বয়স্ক ইউনূস হলেন তৃতীয় বাঙালি যিনি নোবেল পুরস্কার পেলেন।
