চরমোনাইতে আওয়ামী লীগ -বিএনপি সংঘর্ষ, আহত ২০
শহরতলীর চরমোনাই ইউনিয়নের বুধাইনগর বাজারে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় দলের প্রায় ২০ জন আহত হয়েছেন। সে সময় উভয় দলের কার্যালয়ও ভাংচুর করা হয়।
আহতদের মধ্যে সোহেল (২০), নুরে আলম (২২), জুয়েল (২০), আনোয়ার (২৫) ও জলিলকে (২৩) গুরুতর অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে বিএনপি কর্মী গিয়াসের সাথে আওয়ামী লীগ সমর্থক সুলতানের কথা কাটাকাটি। এর জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এ ব্যাপারে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন ফনি জানান, বিএনপি ক্যাডাররা অতর্কিতে হামলা চালিয়ে তাদের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় তাদের প্রায় ৮/১০ নেতা-কর্মীও আহত হন বলে তিনি দাবি করেন।
কিন্তু হামলার কথা অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আ. ছালাম রাঢ়ী বলেছেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের কার্যালয় ভাংচুর করেছে।’
কোতয়ালী থানার এস আই নাসির ঘটনাস্থল পরিদর্শন শেষে শুক্রবার জানিয়েছেন, বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ও আসবাপত্র ভাংচুর করা হয়েছে।
