২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হস্তান্তর উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি

দিনক্ষণ ঠিক না করলেও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিন বিএনপি ঢাকার পল্টন ময়দানে মহাসমাবেশ এবং ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি হিসেবে অক্টোবর ২২ থেকে মুক্তাঙ্গনে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বেইলী রোডের সরকারি বাসভবনে ক্ষমতাসীন বিএনপি ও এর ১১ টি অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মীর্জা আব্বাস, সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি বরকত উল্লাহ ভুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, সালাউদ্দিন আহমেদ, এসএ খালেকসহ সহযোগি সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভা সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিনক্ষণ ঠিক না করলেও বিএনপির ১১ টি অঙ্গসংগঠন অক্টোবর ২২ হতে পর্যায়ক্রমিকভাবে প্রতিদিন আলাদাভাবে মুক্তাঙ্গনে রাজনৈতিক কর্মসূচি পালন করবে।

এছাড়া সভা সূত্রমতে ক্ষমতা হস্তান্তরের দিনকে ঘিরে মোট তিনদিনের জন্য পল্টন ময়দানকে অগ্রিম বুকিং দেয়ার জন্য দলীয় নেতাকর্মীরা মান্নান ভূঁইয়াকে পরামর্শ দেন।

সভাশেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, ‘আমরা ক্ষমতা ছেড়ে দিচ্ছি, এজন্য সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছি।’

তিনি আরো জানান, ক্ষমতা হস্তান্তরের দিন ঢাকার আটজন এমপিসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতাকে রাজধানীতে সক্রিয় থাকার নির্দেশ দেয়া হয়েছে।