২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা বৃহস্পতিবার সকালে নগরীর কোতয়ালী থানা এলাকার একটি বাড়ি থেকে প্রায় ১১৫ কিলোগ্রাম ওজনের বিভিন্ন প্রকার বিস্ফোরক দ্রব্যসহ বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তারা একজন ব্যবসায়ীকেও গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মীর শাহজাহান নগরীর কোতয়ালী থানার বেচারাম দেউরীর বাসিন্দা।

র‌্যাব--১০ জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৬ কিলোগ্রাম সালফার, ৬০ কিলোগ্রাম পটাশিয়াম নাইট্রেট, ১৫ কিলোগ্রাম চারকোল, ১ কিলোগ্রাম আয়রন পাউডার, ৩০ কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট, ২০০ গ্রাম গানপাউডার, ৭০০ গ্রাম অ্যালুমেনিয়াম পাউডার, ৫০০ টি আতশবাজী এবং ৫০ টি ছোরা।

র‌্যাব আরো জানায়, নাশকতার জন্য ওই এলাকার একটি বাড়িতে বিস্ফোরক মজুদ করে রাখা হয়েছে বলে গোপনে সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার ভোর তিনটার দিকে অভিযান চালিয়ে এই বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহজাহানকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ব্যবসায়ী শাহজাহান আসন্ন ঈদ উপলক্ষে আতশবাজী বানানোর জন্য এ সব সরঞ্জাম আমদানি করেছিলেন।