রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এনামুল হক (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত এনামুল হক একই উপজেলার পানানগর গ্রামের জনৈক আজিম উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, এনামুলের ভগ্নিপতি জয়নগর গ্রামের রেজাউলের সাথে একই গ্রামের কুদ্দুস খলিল ও জলিলদের জমি নিয়ে বিরোধ চলছিল।
আজ সকাল ৯টার দিকে রেজাউল তার লোকজন বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যায়। এসময় প্রতিপক্ষ প্রতিরোধ করতে এগিয়ে এলে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় এনামুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ৮ টার দিকে তিনি মারা যান।
