২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, দুই নারীসহ আহত অর্ধশতাধিক

চাঁপাইনবাবগঞ্জের দীননাথপুর গ্রামে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। তবে এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্র“তার জের ধরে মঙ্গলবার রাতে বিএনপি সমর্থকরা দীননাথপুর গ্রামের মসজিদের ইমাম শরিফুল ইসলামকে মারধর করে। বৃহস্পতিবার সকালে ওই ঘটনা নিয়ে শালিস বসার কথা ছিল।

সকাল সোয়া ৯টার দিকে মীমাংসার জন্য গ্রামের মাতব্বরসহ অন্যরা উপস্থিত হলে বিএনপির সমর্থকরা ওই শালিসে আসা আওয়ামী সমর্থকদের ওপর হামলা চালায়। পরে আওয়ামী লীগ সমর্থকরাও পাল্টা হামলা চালালে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। এতে ঘটনাস্থলে দুই নারীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে এসে নয়জনকে আটক করে। তবে আটককৃতদের নিরাপরাধ দাবি করে গ্রামের নারীরা পুলিশ ভ্যানের সামনে বসে পড়ে। তারা দুপুর সোয়া দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখায় পুলিশ আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবেদ আলী জানান, কোন পক্ষই এখনো মামলা করেনি। মামলা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংঘর্ষে আহতদের মধ্যে সুমন (২৫) ও আশরাফুলের (৩২) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২৭ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দীননাথপুর গ্রামের বিএনপির স্থানীয় নেতা হাবিবুর রহমান ও আওয়ামী লীগের রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এদের বিরোধের জের ধরে এর আগেও তিনবার সংঘর্ষের ঘটনা ঘটে।