২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম পাখীউড়া সীমান্তে জেগে ওঠা চরের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরসহ ৪০ বিঘা জমি ভারতীয়রা নিজেদের বলে দাবি করার পর কুড়িগ্রামের পাখীউড়া সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে ওই চরের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিএসএফ বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে, সীমান্তবর্তী ভারতের পাটমারী এলাকায় নো--ম্যান্স ল্যান্ড ঘেঁষে ক্যাম্প নির্মাণ, একই এলাকায় ১০টি সীমান্ত ফাঁড়িতে শক্তি বৃদ্ধি ও টহল জোরদার করা।

এ নিয়ে বিডিআরের পক্ষ থেকে পাটমারী বিএসএফ বিওপির কাছে প্রতিবাদ জানানো হলেও তারা এখনো এ ব্যাপারে সাড়া দেয়নি।

বিডিআরের কুড়িগ্রাম ২৭ ব্যাটালিয়নের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স এর কাছে বর্তমান পরিস্থিতির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ১৩ অক্টোবর কমান্ডার পর্যায়ের বৈঠকের আগে এই উত্তেজনা হ্রাস পাওয়ার কোন সম্ভাবনা নেই। তবে বৈঠকের পর উভয় পক্ষ সমঝোতায় পোঁছুলে উত্তেজনা থাকবে না বলে তিনি সীমান্তবর্তী গ্রামবাসীকে আশ্বস্ত করেছেন।

বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বিলীন হওয়া এলাকায় বাংলাদেশের অংশে এ বছর প্রায় ৭৫ বিঘা চর জেগে ওঠে। এই চর লাগোয়া জিরো পয়েন্টে বাংলাদেশের ৬০ বিঘা জমি রয়েছে। এক পর্যায়ে ভারতের পাটমারী গ্রামের কতিপয় অধিবাসী ওই চর ও সংলগ্ন ৪০ বিঘা জমিও তাদের নিজের বলে দাবি করে। এরপর প্রায় ৩০০ বিএসএফের উপস্থিতিতে ভারতীয়রা ২৮ সেপ্টেম্বর চরটি দখলের চেষ্টা চালায়। তবে বিডিআর সতর্ক থাকায় ওই চেষ্টা ব্যর্থ হয়। এ নিয়ে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিডিআর--বিএসএফ এর কোম্পানী পর্যায়ের পতাকা বৈঠকে সীমানা নির্ধারণের ব্যাপারে আলোচনা হয়।

কিন্তু এরপরও ৯ অক্টোবর পাটমারী বিএসএফ ক্যাম্প কমান্ডার কানাই লাল বিএসএফ সদস্যদের নিয়ে ওই চরে সাদা পতাকা উড়িয়ে বাংলাদেশী কৃষকদের সেখানে চাষাবাদ না করার নির্দেশ দেন।

ওই দিন থেকেই বিএসএফ পাটমারী সীমান্তে নতুন ক্যাম্প নির্মাণ শুরু করে। এরপর বিএসএফ তাদের পাটমারীসহ আশপাশের ঘোষপাড়া, শায়েস্তার ঘাট, টাকীমারী, ভোগদহ, মন্ত্রীর চর, ফলকাটা, মসল্লাবাড়ী, কালাইবাড়ী ও মহামায়াচর সীমান্ত ফাঁড়িতে শক্তি বৃদ্ধি ও টহল জোরদার করে।