২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ক্যাম্পাসে বোমা আতঙ্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের কার্নিশ থেকে মঙ্গলবার সকালে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সকালে কয়েকজন শিক্ষার্থী বোমার মতো বস্তু দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন, গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল মিলে দুপুর সাড়ে ১২টায় এটি উদ্ধার করে।  

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, একটি রংয়ের কৌটায় বালি ও পাথর ছাড়া কিছু পাওয়া যায়নি। তবে এটি টেপ ও তার দিয়ে পেঁচানো ছিল।

বোমাটি যে কার্নিশ থেকে উদ্ধার করা হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ফায়েকুজ্জামানের চেম্বার।

তিনি সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি গভীর রাতে তাকে টেলিফোন করে নানা হিংস্র প্রাণীর ডাক শুনিয়েছে। সরকারের শেষ সময়ে প্রগতিশীল শিক্ষকদের মধ্যে ভীতি সৃষ্টির জন্যই এ ধরনের কাজ করা হতে পারে বলে মন্তব্য করেছেন।

রাবি প্রক্টর ড. ইনামুল হকও জানান, আতঙ্ক সৃষ্টির জন্যই এটা করা হয়েছে।