বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা ফি বৃদ্ধি, সাধারণের দুর্ভোগ (সংশোধিত)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি ফি, সব ধরনের পরীক্ষা - নিরীক্ষার খরচ এবং বহির্বিভাগের টিকেটের মূল্য শনিবার থেকে বাড়ানো হয়েছে।
হাসপাতালের একটি সূত্র জানায়, আকস্মিক এ মূল্য বৃদ্ধিতে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইসাথে নামমাত্র মূল্যে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগও বেড়ে গেছে।
সোমবার হাসপাতালে গিয়ে জানা যায়, এর বহির্বিভাগের টিকেটের মূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। ভর্তি ফি আগে ৫০ টাকা নেয়া হলেও রোববার থেকে তা একলাফেই ১০০ টাকায় দাঁড়িয়েছে।
সূত্রটি জানায়, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচসহ প্রায় সকল বিভাগে মূল্য বাড়ানো হয়েছে। তবে তা দ্বিগুণ করা হয়নি।
এ ব্যাপারে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক এমএ হাদী বিডিনিউজকে বলেন, ‘বিভিন্ন প্রকার চিকিৎসা সরঞ্জামের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সমন্বয় করার জন্যই আমরা খাবারসহ কয়েক প্রকার ফির পরিমাণ বৃদ্ধি করেছি, যা কিনা আমরা বাজার থেকে কিনে থাকি। আমরা এ কারণে সরকারের কাছ থেকে অতিরিক্ত কোন তহবিল পাই না।’
অধ্যাপক হাদী আরো বলেন, ‘চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ, রি - এজেন্ট, বিভিন্ন ওষুধ ও এক্সরে প্লেটের নতুন মূল্যের কারণে আমাদের যে টাকা ব্যয় হচ্ছে চিকিৎসা সেবা, ভর্তি ও টিকেট ফি বাড়িয়েও তা সমন্বয় করা সম্ভব নয়।’
তবে তিনি বলেণ, দরিদ্র লোকের জন্য বরাদ্দকৃত ৬০০ শয্যা আগের মতোই বিনামূল্যে থাকবে। এ ছাড়া অন্যান্য হাসপাতাল সার্ভিস যেমন হার্ট সার্জারির বিভিন্ন প্যাকেজ এবং কিছু ক্লিনিক্যাল সার্ভিসও আগের মতোই অপরিবর্তিত থাকবে।
হাদী বলেন, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটির কোন পরিবর্তন আনতে গেলে মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন পড়ে না। সিন্ডিকেটের পরামর্শ নিয়েই এই মূল্য বাড়ানো হয়েছে।
এদিকে হাসপাতালের চার্জ বৃদ্ধি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে বারবার হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিএসএমএমইউ শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সোমবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
স্বাচিপ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন স্বাচিপ নেতা ডা. ইকবাল আর্সলান, ডা. মোয়াজ্জেম হোসেন, ডা. কামরুল হাসান খান, ডা. আব্দুল আজিজ, ডা. আলী জিলকদ, ডা. আলী আসগর মোড়ল প্রমুখ।
সমাবেশ থেকে হুমকিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির দাবি এবং হাসপাতালের বর্ধিত চার্জ প্রত্যাহারের দাবি জানানো হয়।
