২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ অক্টোবরের মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নইলে নতুন দল: কর্নেল অলি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ আগামী ২৭ অক্টোবরের মধ্যে দুর্নীতিবাজদের আদালতের তোলার জন্য সরকারে প্রতি আল্টিমেটাম দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

অন্যথায় বিএনপি থেকে তিনি তার সমর্থন প্রত্যাহার করে জনগণের সাথে আন্দোলনে নামবেন এবং নতুন দল গঠনের ঘোষণা দিবেন বলে জানান।

চট্টগ্রাম বন্দর নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের ক্রসফায়ারে হত্যা করাই যথেষ্ট নয়, দুর্নীতিবাজদেরও একইভাবে হত্যা করতে হবে।

সাবেক এই মন্ত্রী তার ৩৫ মিনিটের বক্তব্যে ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। গত পাঁচবছরে ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের দুর্নীতির বিবরণ দিতে গিয়ে বেশ কয়েক মন্ত্রীর কথাও তিনি বলেন। তবে তিনি তাদের কারও নাম উল্লেখ করেনি।

কর্নেল অলি বলেন, ‘আমি ও আমার ছেলে খাব, কিন্তু আর সবাই অনাহারে থাকবে। এই অবস্থার অবশ্যই অবসান ঘটাতে হবে।’

তিনি জানান, যেসব মন্ত্রীর এক জোড়া জুতা কেনার সামর্থ ছিল না, তারাই এখন বিশাল বিশাল বেসরকারি টিভি চ্যানেলের মালিক।

কর্নেল অলি বলেন, ‘মন্ত্রী পরিষদের তিন ভাগের দুই ভাগই অযোগ্য, মুর্খ এবং দুর্নীতিবাজ।’

কর্নেল অলি একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাই তার বর্তমান রাজনৈতিক উদ্দেশ্য বলে ইফতার মাহফিলে জানান।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা অধ্যাপক আরিফ মাইনুদ্দিন এবং একরামুল কবির বক্তব্য রাখেন।

কর্নেল অলির একজন ঘনিষ্ট সহযোগী জানান, অলি আগামী ২৭ অক্টোবরের পর আনুষ্ঠানিকভাবে তার নতুন দলের নাম ঘোষণা করবেন।