২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট রবিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে জোটের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলকারীরা দলীয় টেন্টে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুশান্ত সিনহা। আগামী ৩ নভেম্বরের মধ্যে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে আগামী ৩ নভেম্বর থেকে ক্যাম্পাসে লাগাতার ছাত্র ধর্মঘট ডাকা হবে বলে সমাবেশে ঘোষণা দেয়া হয়। পরে জোট নেতৃবৃন্দ ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেনের সঙ্গে সাক্ষাত করেন। ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে ভর্তি পরীক্ষা শুরুর দিন (৩ ডিসেম্বর) থেকে লাগাতার ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হবে বলে জোট নেতৃবৃন্দ উপাচার্যকেও জানিয়ে দেন। নেতৃবৃন্দ ইউনিট ভিত্তিক পরীক্ষারও দাবি জানান।

উল্লেখ্য, এ বছর ভর্তি ফরমের মূল্য দশ টাকা বাড়িয়ে এক শ’ টাকা করা হয়েছে।