ছিনতাই বাড়ছে জাবি সংলগ্ন এলাকায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা--আরিচা মহাসড়কে গত এক মাসে কমপক্ষে ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী অভিযোগ করেছেন, আশুলিয়া থানা পুলিশের দায়িত্বে অবহেলা ও রহস্যজনক ভূমিকার কারণে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা--আরিচা মহাসড়কে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থ এবং এক কর্মচারীর মেয়ের কাছ থেকে তিনটি মোবাইল ফোন সেট, দুই হাজার টাকা এবং একটি সোনার চেইন ছিনিয়ে নেয়।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।
এর আগে ৪ অক্টোবর ছিনতাইকারীরা এক পথচারী কাছ থেকে নগদ অর্থ নিয়ে যায় এবং ১২ সেপ্টেম্বর এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে জখম করে। এ দুজনের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এসব ঘটনা ছাড়াও গত এক মাসে ঢাকা--আরিচা মহাসড়কে কমপক্ষে ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
একটি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া, ইসলামনগর, রাঙ্গামাটি ও ডেইরি ফার্ম গেট এলাকায় বসবাসরত বখাটেদের একটি সংঘবদ্ধ চক্র এসব ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়েদুল হক বিডিনিউজ২৪ডটকমকে বলেন, পুলিশের দায়িত্বে অবহেলা নেই। বিশ্ববিদ্যালয়ের সামনে সাদা পোশাকে পুলিশের নতুন একটি টিম রাতে দায়িত্ব পালন করে বলে তিনি জানান।
প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান শুক্রবার বলেন, ছিনতাইয়ের ঘটনা বন্ধে আশুলিয়া থানা কর্তৃপক্ষের সাথে দুদিনের মধ্যে বৈঠক করব।
তিনি জানান, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আশুলিয়া ও সাভার থানা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
