খুলনা ও লক্ষ্মীপুরে বিদ্যুৎ কার্যালয়ে হামলা-ভাংচুর
বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বৃহস্পতিবার খুলনার ফুলতলা উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা এবং লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, ফুলতলা উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে বৃহস্পতিবার সকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে উপজেলা বিদ্যুৎ কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় বিক্ষুদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ব্যাপক ভাংচুর চালায়।
পুলিশ জানায়, ফুলতলা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা--কর্মীরা বেলা ১১টায় বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে। এসময় উত্তেজিত নেতা--কর্মীরা কার্যালয়ের জানালা--দরজা ও চেয়ার টেবিল ভাংচুর করে। পরে এস কে ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সর্দার শাহজাহান আহমেদ জিষ্পি, আসলাম খান, এস মৃণাল হাজরা, আবু তাহের রিপন ও এসকে মিজানুর রহমান।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, রায়পুর নতুন বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে রাত ৮টা থেকে ১টা পর্যন্ত উত্তেজিত জনতা কয়েক দফা হামলা চালায়। ইফতার, তারাবী নামাজ ও সেহরীর সময় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে তারা এ হামলা চালায়।
অপরদিকে সদর উপজেলার দালাল বাজারে বৃহস্পতিবার বিদ্যুতের বিলের কাগজ বাড়িতে পৌঁছাতে গেলে উত্তেজিত জনতা সুলতান নামে পল্লী বিদ্যুতের এক বিল সরবরাহকারীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।
তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
