পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত দুই, আহত ৪১
পৃথক দুই জেলায় সড়ক দূর্ঘটনায় দুজন নিহত ও ৪১জন আহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে টাঙ্গাইল প্রতিনিধি জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত হন৪০ জন। তবে তার পরিচয় জানা যায়নি।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজীপুর প্রতিনিধি জানান, গাছা ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি শরীফ উল্লাহ (২৭) ও আলতাফ হোসেন(৪০) শনিবার রাতে বোর্ড বাজার থেকে রিক্সায় করে বড়বাড়ি যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে পিকআপ ভ্যান রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে শরীফ উল্লাহ ও তার সঙ্গী রিক্সা থেকে ছিটকে পড়েন।
গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শরীফ উল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত আলতাফ হোসেনকে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
