২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ রোববার ছিল নিষ্প্রাণ

সংসদে রোববার আলোচনার পরিবেশ ছিল অনেকটাই নিষ্প্রাণ। আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, কর্নেল ফারুক খান (অব.), আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট রহমত আলী বিদ্যুত প্রশ্নে সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখলেও শহিদুল ইসলাম ছিলেন একমাত্র বিএনপি সাংসদ যিনি সরকারের পক্ষে বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আওয়ামী লীগের সাংসদরা অভিযোগ করেন, বিদ্যুত প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদারকে সংবিধান মেনে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি। তবে নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের জন্য আনোয়ারুল কবীরকে তারা ধন্যবাদ জানান।

তারা বিদ্যুত মন্ত্রীর দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, মানুষকে বিদ্যুত সরবরাহ করতে না পারার ব্যর্থতার দায়ভার তারই নেওয়া উচিত।

পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধানের ৫৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী কোন মন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে পদত্যাগের আহ্বান জানানোর নিয়ম রয়েছে। তিনি যদি তা না করেন, তবে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে।

সুরঞ্জিত প্রশ্ন করেন, আনোয়ারুল কবীর নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর তাকে সরিয়ে দেওয়ার পিছনে কি যুক্তি থাকতে পারে?

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই যখন ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তখন মানুষকে বিদ্যুত সরবরাহ করতে না পারার দায়ভার নিয়ে তারই পদত্যাগ করা উচিত ছিল।

বিরোধী দলীয় আরেক সাংসদ কর্নেল ফারুক খান (অব.) পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় আনোয়ারুল কবীরকে ধন্যবাদ জানান। তিনি অভিযোগ করেন, বিদ্যুতবিহীন অবস্থায় মুসলমানদের পক্ষে রোজা রাখা এবং হিন্দুদের পক্ষে দুর্গোৎসব পালন করা সম্ভব হচ্ছে না।

বিএনপি সাংসদ শহিদুল ইসলাম বিদ্যুত পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় সাংসদদের বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা ‘অসত্য’ বক্তব্য রেখেছেন। তিনি দাবি করেন, তিনি নিজে ৫৪টি মন্দির পরিদর্শন করে বিদ্যুত সরবরাহে ঘাটতি দেখেননি।

আওয়ামী লীগের বর্ষীয়ান সাংসদ আবদুর রাজ্জাক বলেন, গার্মেন্টস কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরির দাবিতে শনিবার আবারও রাস্তায় নেমে আসে এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের কারণে রাস্তায় পাঁচ কি.মি. জুড়ে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাখ্যা দাবি করেন। তবে কোন মন্ত্রী তার এ বক্তব্যের জবাব দেননি।

অ্যাডভোকেট রহমত আলী সরকারকে ‘পুরোপুরি ব্যর্থ’ হিসেবে আখ্যায়িত করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার জন্য সরকারের সমালোচনা করেন।

বিরোধী দল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুত সরবরাহ সমস্যা, ইসলামী জঙ্গিবাদ, বিরোধী দলের নেতাদের ওপর গ্রেনেড হামলা, বিএসএফের হাতে বাংলাদেশীদের মৃত্যু ও ফুলবাড়ি হত্যাকাণ্ড নিয়ে সংসদে আলোচনার দাবি জানায়। তবে স্পিকার জমির উদ্দিন সরকার কার্যপ্রণালী বিধির ৬২ ধারা অনুযায়ী সে দাবি নাকচ করে দেন।

বিরোধী দল পরে আবারও সংসদের দিনের আলোচ্যসূচি বাতিল করে আলোচনার জন্য ১৫২টি নোটিশ জমা দেয়। কিন্তু স্পিকার আবারও তাদের দাবি প্রত্যাখান করে বলেন, পয়েন্ট অব অর্ডারে এগুলোর অধিকাংশই আলোচিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু বিষয় আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে।

আওয়ামী লীগ সাংসদ শাহজাহান খান, পঞ্চানন বিশ্বাস, জাতীয় পার্টি সাংসদ মশিউর রহমান রাঙ্গা, কার্যপ্রণালী বিধি ৬২ এর আওতায় নোটিশ জমা দেন।

সরকার নতুন বিভাগ গঠন ও একটি শিক্ষা বোর্ড স্থাপন সংক্রান্ত রংপুরবাসীর দাবি পূরণ করেনি বলে অভিযোগ এনে জাতীয় পার্টির সাংসদরা ওয়াকআউট করেন। পার্টির সংসদীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওয়াকআউট করার দুই মিনিট পরেই তারা আবারও সংসদে ফিরে আসেন।