সাভারে অপহরণের একদিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
সাভার পৌরসভার ডগরমোড়া মহল্লা থেকে ইমন (৪) নামে এক শিশুকে অপহরণের একদিন পর রোববার উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী দলের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, ডগরমোড়া মহল্লার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে ইমনকে শনিবার বাড়ির সামনে খেলা করার সময় ২ ব্যাক্তি অপহরণ করে নিয়ে যায়। রাতে অপহরণকারীরা ইমনের পিতার কাছে মোবাইলফোনে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সে অনুযায়ী অপহরণকারীরা মুক্তিপণের টাকা নেওয়ার জন্য রোববার সকাল আটটার দিকে ডগরমোড়া মহল্লায় আসলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। এরা হলো হযরত আলী (৩০) ও বাবুল (৩৫)। পরে পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইমনকে উদ্ধার করে।
এ ঘটনায় ইমনের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
