৬ বাংলাদেশিকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তরের কথা স্বীকার করেছে বিএসএফ
সদর উপজেলার মোগলহাট সীমান্ত থেকে অপহৃত ছয় বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা স্বীকার করেছে বিএসএফ। বিএসএফের গিতালদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শনিবার রাতে এক চিঠিতে বিডিআরকে এ কথা জানান।
ঘটনার পর মোগলহাট সীমান্তে বিএসএফ শক্তি বৃদ্ধি করায় সীমান্তবর্তী গ্রামগুলোতে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে মোগলহাট বিডিআর বিওপির কোম্পানি কমান্ডার মকবুল হোসেনের সাথে দুপুরে যোগাযোগের চেষ্টা করা হলে ক্যাম্প থেকে হাবিলদার আবু তাহের জানান, কোম্পানি কমান্ডার লালমনিরহাট সদরে অবস্থান করছেন। বিএসএফের চিঠি পাওয়ার কথা তিনি স্বীকার করেন।
তবে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের উপ--অধিনায়ক মেজর জামান বিএসএফের চিঠি পাওয়ার কথা অস্বীকার করে বলেন, ওই ছয় বাংলাদেশিকে দিনহাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ মৌখিকভাবে জানিয়েছে।
এদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, অপহৃতদের গিতালদহ বিএসএফ ক্যাম্পে দুদিন আটকে রেখে শারিরীক নির্যাতন চালানোর পর শনিবার দিনহাটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সকালে মোগলহাট কর্ণপুর সীমান্তের ৯২৮ ও ৯২৯নং মেইন পিলারের কাছে ভারতের গিতলদাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে ধরলা নদীতে মাছ ধরার সময় ওই ছয় বাংলাদেশিকে অপহরণ করে। এরা হলেন কর্ণপুর গ্রামের মজনু (২৫), ফজল (২০), জিকরিয়া (২৫), টন্ডুল (২৮), আজাহারুল (২০) ও তহেজুল (২০)।
