২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসতে দেশে রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন: বিকল্পধারা ও জাতীয় ঐক্যমঞ্চ

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমঞ্চ এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশের গণ ইশতেহারে বলা হয়েছে, দেশের জনকল্যাণমুখী উত্তরণে রাজনৈতিক পরিবর্তন জরুরি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

মহানগর নাট্যমঞ্চে মঙ্গলবার বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এ গণ ইশতেহার উপস্থাপন করেন। দেশের বিভিন্ন স্তরের জনগণের মতামত নিয়ে এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

এতে বলা হয়, জাতি আজ আর্থ সামাজিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক পরিবর্তন ঘটাতে হবে।

গণ ইশতেহার প্রণয়নের লক্ষ্যে বিকল্পধারা ২০০৪ সালের ১৮ অক্টোবর দিনাজপুরে প্রথম গণসংলাপের আয়োজন করে।

পরবর্তীতে রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মাইজদী ও চট্টগ্রামে একই ধরনের গণসংলাপ অনুষ্ঠিত হয়। গণসংলাপে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. কামাল হোসেন ও অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

গণসংলাপের অংশ হিসেবে ২০০৫ সালের ১৮ অক্টোবর সুন্দরবন হোটেলে জাতীয় ঐক্যমঞ্চ এবং বিকল্পধারা সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করে।

গণ ইশতেহার উপস্থাপনকালে মেজর (অব.) মান্নান বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির ক্ষেত্রে দুর্বৃত্তায়ন প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

ইশতেহারে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের জনগণ চলমান রাজনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন চায়।

নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কারের ব্যাপারে ২০০৫ সালের ১৫ জুলাই ১৪ দল, ১৯ জুলাই ১১ দল, ২৭ জুলাই জাতীয় ঐক্যমঞ্চ ও বিকল্পধারা বাংলাদেশসহ দেশের সর্বস্তরের জনগণ যে দাবি উত্থাপন করে তার ভিত্তিতে গণসংলাপের মাধ্যমে গণ ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

গণসংলাপ চলাকালে বিভিন্ন স্তরের জনগণের কাছ থেকে ২৭ দফা দাবি উত্থাপিত হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে: সকল রাজনৈতিক দল ও নির্বাচনকে সন্ত্রাস ও কালো টাকা থেকে মুক্ত রাখা, সকল রাজনৈতিক দল থেকে গডফাদারদের বহিষ্কার, ঋণখেলাপীদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা, সকল প্রার্থী, রাজনৈতিক দলের নেতানেত্রী,  উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের আয়ের উৎস ও সম্পত্তির বিবরণ জনসমক্ষে প্রকাশ ও ঘোষণা, বিচারবিভাগ পৃথকীকরণ, দারিদ্র্য ও বেকারত্ব বিমোচন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন এবং জঙ্গিবাদী, উগ্র মৌলবাদী ও সন্ত্রাসীদের সকল তৎপরতা নিষিদ্ধ করা।