ব্রিটিশ কাউন্সিলে শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশে ইংরেজি মাধ্যমে শিক্ষাদানে নিয়োজিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের অংশগ্রহণে সোমবার ব্রিটিশ কাউন্সিলে শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইডেক্সেলের শিক্ষাক্রম অনুসরণের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল ও ইডেক্সেল ইন্টারন্যাশনাল যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
‘গুণগত মানের জন্যে স্কুল ব্যবস্থাপনা: কর্মচারি ব্যবস্থাপনা ও বিন্যাস’ শীর্ষক এ কর্মশালায় শিক্ষার্থীদের সফলতা নিশ্চিত করতে প্রধান শিক্ষকরা কীভাবে তাদের সহকর্মীদের পাঠদানের দক্ষতার মানোন্নয়নে সহযোগিতা করবেন সে ব্যাপারে আলোকপাত করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন শিক্ষা বিষয়ক পরামর্শক অধ্যাপক স্টিফেন মার্টিন। কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর রিচার্ড সান্ডারল্যান্ড বাংলাদেশে ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সহযোগিতা দেওয়ায় ইডেক্সেল ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ইডেক্সেলের কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান, ইডেক্সেলের রিজিওনাল অ্যাকাডেমিক ম্যানেজার মির্জা তাহের এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
