২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জ্বালানি সংকট নিরসন হয়নি, ৪টি পাম্পে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি হচ্ছে

বগুড়ায় প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও জ্বালানি তেলের সংকট কাটেনি। তবে বাঘাবাড়ি ডিপোতে সোমবারেও তেলবাহী জাহাজ ভিড়েনি এবং শহর ও শহরতলীর পাম্পগুলোতে যানবাহন ব্যবহারকারীরা ভিড় করেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

জানা যায়, চারটি প্রতিষ্ঠান খুলনা থেকে এক লরি করে পেট্রোল এনে প্রশাসনের বেধে দেওয়া দরে বিক্রির পর লোকসান হওয়ায় তারা হতাশ হয়েছেন। বাঘাবাড়ি ডিপোতে তেলবাহী জাহাজ না ভিড়লে আবারও পেট্রোল ও অকটেনের হাহাকার দেখা দেওয়ার সম্ভবনা রয়েছে।

সোমবার শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে স্থাপিত কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে কোথাও পেট্রোল বা অকটেন নেই। যানবাহন ব্যবহারকারীরা তেলের জন্য পাম্পে এসে ধর্না দিচ্ছেন। তবে বগুড়া ফিলিং স্টেশন, শতাব্দী ফিলিং স্টেশন, মেহেরা ফিলিং স্টেশন ও দোয়েল পেট্রোলিয়াম খুলনা থেকে প্রতি লরিতে ৯ হাজার লিটার পেট্রোল এনে বিক্রি করছেন।

পাম্প মালিকরা জানান, খুলনা থেকে পেট্রোল আনার কারণে তাদের প্রতি লরি অতিরিক্ত ৭ হাজার টাকা খরচ পড়লেও জেলা প্রশাসন লিটার প্রতি ৫০ পয়সা অতিরিক্ত মূল্যে বিক্রি করতে নির্দেশ দিয়েছে। এতে তাদের লোকসান গুণতে হচ্ছে।

রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের সভাপতি এমএ মোমিন দুলাল জানান, সোমবার বিকেল পর্যন্ত বাঘাবাড়ি ডিপোতে জাহাজ ভিড়েনি। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এর সমাধান হবে কি না সন্দেহ রয়েছে।

তিনি জানান, খুলনা থেকে চারটি প্রতিষ্ঠান পেট্রোল এনে বিক্রি করায় তাদের লোকসান গুণতে হচ্ছে। তাই নতুন করে আর কেউ সেখান থেকে জ্বালানি আনবেন না।