২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিসি কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হলে আমি পদত্যাগ করব: এসিসি চেয়ারম্যান, সমন্বিত

সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জনগণ ও সরকারের আশা পূরণ করতে দুর্নীতি দমন কমিশনকে (এসিসি) ব্যর্থ হিসেবে আখ্যায়িত করলেও এসিসি’র চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান সোমবার বলেছেন, কমিশনকে পুরোপুরি কার্যকর করতে ব্যর্থ হলেই কেবল তিনি পদত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি এবং এসিসি’র চেয়ারম্যান ও দুই কমিশনারের মধ্যে সোমবারের বৈঠক শেষে  সাইফুর রহমান ও বিচারপতি সুলতান হোসেন খান সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।

যদিও তিনি বলেছেন, এসিসি পরবর্তী সপ্তাহের মধ্যে ৪৫টি মামলার চার্জশিট প্রদান করবে। কিন্তু কমিশনের কমিশনার মনিরুজ্জামান মিয়া ও কমিশনের অন্যান্য কর্মকর্তারা বলেছেন, রাষ্ট্রপতি বিধিমালায় অনুমোদন না করলে চার্জশিট দাখিলের বিষয়টি কার্যকর হবে না।

বিচারপতি সুলতান হোসেন খান বলেন, কমিশনের বিধি ও গঠনতন্ত্র প্রণয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিধিমালার বিষয়টি এখন মন্ত্রিপরিষদে রয়েছে এবং সেখান থেকে তা শিগগিরই সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাথে সোমবার এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিচারপতি সুলতান হোসেন খান এ কথা বলেন।

এসিসি’কে শক্তিশালী করতে চলমান প্রকল্পের পিছনে এডিবি অর্থায়ন করছে।

ওই বৈঠকে এডিবি’র বাংলাদেশ প্রধান হুয়া দো উপস্থিত ছিলেন।

কমিশনারদের মধ্যে মতানৈক্য থাকার কারণে তা কমিশনের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করা হলে বিচারপতি সুলতান বলেন, মামলার চার্জশিট প্রদানকে কেন্দ্র করে কমিশনার মনিরুজ্জামান মিয়া ও মনিরুদ্দিন আহমেদের মধ্যে মতানৈকা রয়েছে।

এসিসি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মনিরুজ্জামান মনে করেন বিধিমালা প্রণয়ন ছাড়া চার্জশিট প্রদান করা অসম্ভব। কিন্তু মনিরুদ্দিন মনে করেন, বিধি প্রণয়ন ছাড়াই চার্জশিট প্রদান করা সম্ভব।

তিনি বলেন, এসিসি’কে অল্প সময়ের মধ্যে আরো কার্যকর করতে অর্থমন্ত্রী ও এডিবি’র আবাসিক প্রতিনিধির সাথে আজ (সোমবার) আমরা বৈঠক করেছি।

কমিশনারদের মধ্যে মতানৈক্য নিয়ে মনিরুজ্জামান মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

আকাশ সমান আশা নিয়ে ২০০৪ সালের ২১ নভেম্বর এসিসি কার্যক্রম শুরু করে। এসিসি কর্মকর্তারা বলেন, কমিশনের গঠনতন্ত্র ও কার্যবিধি প্রণয়নে এডিবি অর্থ সহায়তা দিচ্ছে।

এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, দুর্নীতি দমন কমিশন (এসিসি) সরকার ও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

এসিসি’কে শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে এসিসি ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাথে সোমবার এক বৈঠক শেষে এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, অনেক আশা নিয়ে আমরা প্রতিষ্ঠানটি করেছিলাম। কিন্তু এটি কার্যকর হতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, কমিশনারদের মধ্যে বিবাদ-সহ বেশ কিছু কারণে এসিসি এখনও পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারেনি।

তিনি বলেন, কমিশনারদের মধ্যে বিবাদ, বিধি ও গঠনতন্ত্র প্রণয়ন এবং বিলুপ্তকৃত দুর্নীতি দমন ব্যুরোর আত্মীকরণ ইস্যুর কারণে এসিসি সমস্যার মধ্যে রয়েছে।

২০০৪ সালের ২১ নভেম্বর থেকে এসিসি তার কার্যক্রম শুরু করে। একই বছরে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেওয়া হলেও কমিশন প্রায় অকার্যকর রয়ে গেছে।

কমিশনের অকার্যকারিতা দেশের ভাবমূর্তি সম্পর্কে একটি নেতিবাচক ধারনা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন অর্থ মন্ত্রী।

এ ব্যাপারে তিনি বলেন, কমিশনের কার্যকারিতার খাতিরেই নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে ফেলতে আমি কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছি।

সাইফুর রহমান বলেন, এসিসি কার্যকর করতে সরকার প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করতে আগ্রহী নয় বলে যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়।

অর্থমন্ত্রী আরো বলেন, এসিসি’র বিধিমালা ও গঠনতন্ত্র প্রণয়নের ফাইলটি এখন মন্ত্রীপরিষদ বিভাগে রয়েছে এবং শিগগিরই তা সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কমিশনের বিধিমালা ও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত ফাইলটি শিগগিরই অনুমোদন পাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

এদিকে বৈঠকে উপস্থিত এডিবি’র আবাসিক প্রতিনিধি হুয়া দো বলেন, তারা দেখতে চান, কোন মহল থেকে কোন ধরনের চাপ ছাড়াই কমিশন চলছে।

তিনি বলেন, এসিসি’কে শক্তিশালী করতে গৃহীত প্রকল্পের পিছনে এডিবি অর্থের যোগান দিয়ে যাবে।

এডিবি ২০০৪ সালে চার দশমিক ৬৯ কোটি টাকার প্রকল্পটি চালু করে। পরবর্তীতে প্রকল্পটির কার্যক্রম বর্ধিত করা হয় এবং প্রকল্পটির ব্যয় ১২ কোটি টাকায় পুননির্ধারণ করা হয়।