আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বিএনপি ক্যাডারদের হাতে পুলিশ লাঞ্ছিত
মুন্সীগঞ্জ জজকোর্টে সোমবার সাক্ষ্য দিতে এসে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ক্যাডারদের হাতে এক পুলিশ লাঞ্ছিত হয়েছে।
ডিবি পুলিশ জানায়, মুন্সীগঞ্জ সদর থানার ২৬(১২)০১ মামলার সাক্ষী ডিবি পুলিশের কনস্টেবল দৌলত খান সোমবার যুগ্ম দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে বেরিয়ে আসার পথেই কোর্টের তৃতীয় তলার বারান্দায় মামলাটির আসামী শহর ছাত্রদল সভাপতি মহসিন তার কয়েক ক্যাডারের সহায়তায় দৌলতকে লাঞ্ছিত করে।
এ ঘটনার সময় সেখানে শহর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি নেতা তারিক কাশেম খান মুকুল উপস্থিত থাকলেও তিনি নিশ্চুপ থাকেন।
ঘটনার শিকার দৌলত খান জানান, সাক্ষী প্রদান শেষে বের হওয়ার পথেই মামলার আসামী মহসিনের নেতৃত্বে ক্যাডার বাহিনী তার ওপর ঝাপিয়ে পড়ে। তারা তার কলার ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ছাড়াও পকেটে হাত দিয়ে অস্ত্র বের করার ইঙ্গিত দিয়ে হত্যার হুমকি দেয় বলে তিনি জানান।
খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করলে আদালত প্রাচীর টপকিয়ে ক্যাডাররা পালিয়ে যায়।
এ ঘটনায় দৌলত খান বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় পুলিশ এসল্ট ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধের কথা উল্লেখ করে ছাত্রদল সভাপতি মহসিনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৭(০১)০৬।
