কুমিল্লায় মিথ্যা সনদ প্রদানের দায়ে চিকিৎসক জেলহাজতে
মিথ্যা সনদ প্রদানের মাধ্যমে মিথ্যা মামলায় সহযোগিতা করার দায়ে কুমিল্লার এক নং ধর্তব্য আদালত সোমবার মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জিএম হান্নানকে জেলহাজতে পঠানোর নির্দেশ দেয়।
আদালত সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার উত্তরগ্রামের জাহাঙ্গীর আলম বাদি হয়ে ২০০৫ সালের মে মাসে একই গ্রামের আবুল হাসেম ও তার পুত্র সুমন মিয়াকে আসামি করে মামলা দায়ের করে। পরে আসামিদের যোগসাজশে কুমিল্লা শহরের পুলিশ লাইনের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ডা. জিএম হান্নান আসামি আবুল হাসেমকে জখমি দেখিয়ে মিথ্যা সনদ প্রদান করেন। আসামিরা এ সনদের পরিপ্রেক্ষিতে বাদিদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে।
বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিষয়টি প্রমাণিত হলে সোমবার ধর্তব্য আদালতের ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম আসামি ডা. জিএম হান্নানসহ অপর দ’ুজনের জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
