চাঁদাবাজি মামলায় বরকত উল্লাহ বুলুর ভাই গ্রেপ্তার
মোহাম্মদপুর থানা পুলিশ রোববার রাতে চাঁদাবাজির মামলায় সরকারের একটি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার আত্মীয়কে গ্রেপ্তার করেছে।
আটককৃত ব্যক্তির নাম মতিউর রহমান ওরফে পিন্টু। সে মোহাম্মদপুর ৭/২ রিং রোডের আব্দুর রহমানের ছেলে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলুর ছোট ভাই।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর রিং রোড এলাকার টপ কর্পোরেশন নামের একটি কার শো রুমের ম্যানেজার মোঃ আজমের দায়ের করা পিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে মোহাম্মদপুরের বাসভবন থেকে গ্রেপ্তার করে।
মামলায় আজম উল্লেখ করেন, বৃহস্পতিবার চাঁদা দাবি করে পিন্টু গুলিবর্ষণ করে শো রুমের বেশ কয়েকটি কার নষ্ট করে।
উপদেষ্টার বাসায় যোগাযোগ করা হলে ওই পরিবারের সদস্য বাবলু বিডিনিউজকে বলেন, উপদেষ্টা বাসায় নেই।
