পর্যটন কর্পোরেশনে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, তদন্ত শুরু
পর্যটন কর্পোরেশনের নয়জন কর্মকর্তা ও চারজন কর্মচারিকে বদলি করাকে কেন্দ্র করে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দু - এক দিনের মধ্যে তদন্ত রিপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা যায়, ভাংচুরের ঘটনার নেপথ্য নায়ক সংস্থার অ্যাসোসিয়েশনের নেতারা তদন্ত থেকে রেহাই পেতে জোর লবিং চালাচ্ছেন। তারা সরকারের প্রভাবশালী মহলে ধরণা তো দিচ্ছেনই, এমন কি নিজেদের ‘জাতীয়বাদী’ প্রমাণ করার চেষ্টা করছেন।
দীর্ঘদিন একই অফিসে কর্মরত সংস্থার জিএম মোহাম্মদ আহসানউল্লাহসহ ১৩ জন কর্মকর্তা - কর্মচারিকে সম্প্রতি বদলি করা হয়।
বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ২৪ জানুয়ারি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে বহিরাগতদের নিয়ে বিক্ষোভ ও কর্মচারি ইউনিয়নের অফিসে টানানো প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়।
ঘটনা তদন্তে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক (হিসাব) সৈয়দ আব্দুল মান্নানকে আহ্বায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়।
