২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর এবং ফতুল্লায় পৃথক অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আদর্শ চানমারী বস্তিতে রোববার ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক ঘরবাড়ি ভস্মীভূত এবং ফরিদপুরে পৃথক তিনটি অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ফতুল্লা প্রতিনিধি জানান, ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের আদর্শ চানমারী বস্তিতে রোববার দুপুর দেড়টার দিকে বস্তির বাসিন্দা মজিবরের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে পাঁচ ব্যক্তি আহত হয়। ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের পর চারটি শিশু নিখোঁজ রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লেও পরে এর কোন সত্যতা পাওয়া যায়নি।

ফরিদপুর প্রতিনিধিজানান, রোববার বিকাল ৪টার দিকে জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজারের সালাম মন্ডলের পাটের গুদামে আগুন লেগে দেড় লক্ষাধিক টাকা মুল্যের ১৫০ মন পাট পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফরিদপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও রোববার দুপুর পৌনে ৩টার দিকে জেলার নগরকান্দা উপজেলার মাঝারদিয়া বাজারে একটি কসমেটিক্সের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

অন্যদিকে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিরডাঙ্গি গ্রামের মোঃ আফসার সরদারের বাড়িতে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে যায়। এতে ২০ হাজার টাকার ক্ষতি হয়। বাড়ির রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানা যায়।