কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত, আহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন কালাকচুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে চান্দিনা যাওয়ার পথে একটি অটো রিক্সাকে ঢাকা থেকে চট্টগ্রামগামী অপর একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, কুমিল্লা জেলার কোতোয়ালী থানার দৌলতপুর গ্রামের মৃত আসমত আলীর মেয়ে রহিমা বেগম (৪৫), একই পরিবারের খোরশেদ আলীর স্ত্রী আফিয়া খাতুন (৪৪) ও শ্যামলী (১১)। দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় তাদেরকে কুমিল্লা সিএমএইচে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে তাদের মৃত্যু হয়।
এছাড়া আহত অবস্থায় একই গ্রামের স্বপন মিয়ার ছেলে মোঃ ইসহাক (২৫) এবং মৃত সেকেন্দার আলীর মেয়ে ভানু বিবিসহ (৩০) অপর দুইজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটো রিক্সার চালক পলাতক রয়েছে।
