ইজতেমার শেষদিনে ঘরমুখী মুসল্লিদের চরম ভোগান্তি
টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার শেষদিন শনিবার আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ লোক অংশ নেন। দেশের শীর্ষস্থানীয় নেতারাও আখেরি মোনাজাতে শরিক হন।
ইজতেমার জমায়েতে মুসল্লিদের উপস্থিতি এবার সকল রেকর্ড ছাড়িয়ে যায়। এবার উল্লেখযোগ্য সংখ্যক ধর্মপ্রাণ নারীও ইজতেমায় অংশ নেন। সব বয়সের মুসল্লিদের ভিড় ইজতেমা মাঠ ছাড়িয়ে আশাপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। মুসল্লিরা পার্শ্ববর্তী মহাসড়ক ও বিভিন্ন রাস্তা, রাস্তার পাশের খোলা জায়গা, আশপাশের বাড়ির ছাদ ও গাছে আশ্রয় নিয়ে আখেরি মোনাজাতে মহান আল্লাহর দরবারে হাত তুলেন।
টঙ্গী রেলওয়ে স্টেশন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে জোয়ার সাহারার বিশ্বরোড় মোড় এবং টঙ্গী কলেজ গেট পর্যন্ত প্রায় দশ বর্গ কিমি এলাকা শনিবার আখেরি মোনাজাতের সময় বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বিশাল এ এলাকার কোথাও দাঁড়ানো বা বসার মতো এতটুকু জায়গা অবশিষ্ট ছিল না। মুসল্লিরা দাঁড়িয়ে বা বসে যে যেভাবে পারেন আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার যেসব মুসল্লিরা এসেছেন তাদের বেশ কয়েক কিমি হেঁটে ইজতেমা স্থলে আসতে হয়। শনিবার সকাল থেকে উত্তরে জয়দেবপুর মোড় এবং দক্ষিণে বিমানবন্দর এলাকার মহাসড়ক পর্যন্ত এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আখেরি মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা থেকে যেসব মুসল্লি জোহরের নামাজ আদায় করে ফিরবেন তাদের মারাত্মক যানবাহন সঙ্কটে পড়তে হবে। সবাই এ সময়ে গন্তব্যে ফিরতে চাইবেন বলে বাস, ট্রেন ও অন্যান্য যানবাহনের কোথাও তিল ধারণের জায়গা থাকবে না।
এদিকে, আখেরি মোনাজাতের পরপরই বাস ও ট্রেনে অনেকে ফিরতে শুরু করেছেন। কিছু কিছু অসৎ বাস চালক ও কর্মচারীরা এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং মুসল্লিরা বাধ্য হয়ে বেশি ভাড়া দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আখেরি মোনাজাতে অংশ গ্রহণকারী লাখ লাখ মুসল্লি মহান আল্লার দরবারে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
হজের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় এ বছর বিশ্বের ৭০ টি দেশ থেকে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
