আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার বিশ্ব ইজতেমা শেষ হয়েছে
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার ৪১তম বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হয়েছে। পবিত্র হজ্বের পর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ও তাবলীগ জামাতের বার্ষিক সম্মিলন এটি।
দিল্লীর মওলানা যুবায়েরুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করেন। ১২ টা ৪০ মিনিটে মোনাজাত শুরু হয়।
লাখ লাখ মুসুল্লির সাথে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা আখেরি মোনাজাতে অংশ নেন।
তাঁরা দেশের শান্তি-সমৃদ্ধি এবং মানব কল্যাণের জন্য আল্লাহ্র কাছে দোয়া চান।
প্রায় ২২ হাজার নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাংলাদেশ ও অপর ৭০টি দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় যোগদান করেনে।
ইজতেমা চালাকালে তুরাগ নদীর তীর ‘আল্লাহ আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এবারের বিশ্ব ইজতেমায় ২০ লাখ লোকের সমাবেশ হয় বলে ধারণা করা হচ্ছে।
ভারতের দিল্লি থেকে আসা আহমেদ লার্ট, মোহাম্মদ সাদ ও যুবায়েরুল হাসান, পাকিস্তান থেকে আসা শামীম আহমেদ প্রমুখ ইসলামী পন্ডিতরা ইজতেমায় ধর্মীয় বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের ইসলামী পন্ডিত এম. ওমর ফারুক ও যুবায়েরুল হাসান ইসলামী পন্ডিতদের দেওয়া বক্তব্য অনুবাদ করে আগত মুসুল্লিদের শুনিয়েছেন।
