বগুড়ায় জ্বালানি সংকট: প্রতি লিটার ৬০ টাকা
বাঘবাড়ি ডিপো থেকে শনিবার বিকেল পর্যন্ত সরবরাহ না আসায় বগুড়ার সকল পাম্প পেট্রোল ও অকটেন শূন্য হয়ে পড়ে। কিছু পাম্প বা খোলা বাজারে সামান্য পরিমাণ জ্বালানি পাওয়া গেলেও প্রতি লিটারে ৬০ টাকা আদায় করা হয়েছে।
এদিকে, দুপুরে ডিসির বাংলোতে বৈঠক করেও সংকটের কোনও সুরাহা হয়নি। তেলের জন্য লরি খুলনা অঞ্চলে পাঠাতে পাম্প মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা ৩০ টির মধ্যে অধিকাংশ পাম্পে খোঁজ নিয়ে জানা যায়, পেট্রোল-অকটেন নেই। তবে কিছু এলাকায় গোপনে কেরোসিন মিশ্রিত পেট্রোল-অকটেন পাওয়া গেলেও প্রতি লিটার ৬০ টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, জ্বালানি সংকট নিয়ে শনিবার দুপুরে বগুড়ার ডিসির বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তেল কোম্পানির প্রতিনিধিরা তাদের ব্যর্থতার কথা স্বীকার করেন।
বৈঠকে ডিসি পাম্প মালিকদের বিকল্প ব্যবস্থা হিসেবে খুলনা অঞ্চল থেকে তেল সংগ্রহের নির্দেশ দেন। এর জন্য বাড়তি পরিবহন খরচ তেলের দামের সাথে নেবার ব্যাপারে বলা হয়।
রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোমিন দুলাল তাদের সাথে বিএনপি নেতাদের বাদানুবাদের কথা স্বীকার করে বলেন, বর্তমানে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা কুমিল্লা, নোয়াখালী ও ঢাকায় অনেক পাম্পে তেল নেই।
তিনি বলেন, একদিকে ডিপো থেকে সরবরাহ নেই, অন্যদিকে মানুষ আতঙ্কিত হয়ে রিজার্ভ করায় সংকট প্রকট হয়েছে।
