ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩টি বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার একযোগে তিনটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এর ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
বস্তুগুলোর মধ্যে একটি শহীদুল্লাহ হলের বর্ধিত ভবনে,কার্জন হলের পরীক্ষা হলের পেছনের বারান্দায় একটি এবং অপরটি প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় সিঁডির পাশে পাওয়া গেছে।
প্রথম বোমাসদৃশ বস্তুটি দুপুর ১২টায় কাগজের শপিং ব্যাগ লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় শহীদুল্লাহ হলের বর্ধিত ভবনে। এটির সাথে একটি নষ্ট ঘড়িও স্কচটেপ দিয়ে জড়ানো ছিলো।
আনুমানিক দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় সিঁড়ির পাশে দু’টি জর্র্দ্দার কৌটা স্কচটেপ দিয়ে জড়ানো অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে বোমা বিশেষজ্ঞ দল এবং পুলিশ এসে এসব বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
সহকারী প্রক্টর মো. সিদ্দিকুর রহমান খান বলেন,কার্জন হলে শনিবার বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কোনও চক্র ছাত্র - ছাত্রীদের মধ্যে ভীতি তৈরী করার উদ্দেশ্যেই এ কাজ করে থাকতে পারে। তবে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
