ইইউ ট্রয়কা ও রোকার সফর সরকার ও বিরোধী দলের মতবিরোধ কমানোর ইঙ্গিত: বিশেষজ্ঞদের মতামত
ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা প্রতিনিধিদল এবং দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকার সাম্প্রতিক বাংলাদেশ সফর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ও বিরোধী দলের মতবিরোধ কমিয়ে আনার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিকরা।
তারা মনে করেন, বিদেশি কূটনীতিকদের এ সফর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কার প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে সরাসরি বাদানুবাদ এড়ানোর ক্ষেত্রে কিছুটা আশার সঞ্চার করেছে।
তারা আরও মনে করেন, বড় দু’টি রাজনৈতিক দলকে নিয়ে একত্রে আলোচনায় বসার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন কর্মকর্তা যে অনাগ্রহ দেখিয়েছেন তাতে এটিই প্রমাণিত হয় যে, বাইরের কোনও হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা তারা (রাজনৈতিক দল দু’টি) নিজেরাই সমাধান করতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বিডিনিউজকে বলেন, আমাদের হানাহানির রাজনীতিই তাদেরকে বাংলাদেশে এসে নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সরকারকে সংস্কার প্রশ্নে এবং বিরোধী দলকে সংসদে যোগদানের ব্যাপারে প্রভাবিত করতে পেরেছে বলে আমি মনে করি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপের কারণে সমস্যা কিছুটা কমে গিয়ে বর্তমান অবস্থার উন্নতি হতে পারে যা সফলভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক হবে।
তিনদিনের বাংলাদেশ সফর শেষে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রয়কা প্রতিনিধিদল বুধবার সরকার ও বিরোধী দলের প্রতি একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীন অনুষ্ঠিত নির্বাচনে সকলের অংশগ্রহণের পথ খুঁজে বের করতে এবং জরুরী ভিত্তিতে হানাহানির রাজনীতি পরিহার করার আহ্বান জানায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইইউ ট্রয়কা প্রতিনিধিদল জানায়, সফল ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্যে সকল দলের সমর্থন প্রয়োজন। এছাড়াও জনগণ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে সেজন্যে প্রতিনিধিদলটি সকল দলের সমান অংশগ্রহণের ব্যাপারটি নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা প্রতিনিধিদলের সফরের পরপরই দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা বাংলাদেশ সফরে আসেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন খুবই ‘সংকটময়’। আর তাই সকল দলের সমান সুযোগ সৃষ্টি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই কেবল বিজয়ীদের বৈধতা দেবে।
তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্যে নির্বাচন ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে। আমরা হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচির পরিবর্তে তর্ক বিতর্কের জন্যে বিরেধী দলকে সংসদে দেখতে চাই।
প্রশ্ন--উত্তর পর্বে ইইউ প্রতিনিধি দল ও মার্কিন কর্মকর্তারা বাংলাদেশের দুই বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথা অস্বীকার করেন।
২০০৭ সালের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করে ইইউ প্রতিনিধি দল পার্লামেন্টকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক ও সংলাপভিত্তিক রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
অধ্যাপক আহমেদ বলেন, আমি মনে করি, সরকার নির্বাচন কমিশনে সংস্কারের ক্ষেত্রে এখন আরো বেশি যৌক্তিক হবে এবং বিরোধী দল পার্লামেন্টে যোগদান করবে।
বিডিনিউজের সাথে আলাপকালে সাবেক পররাষ্ট্র সচিব সিএম শফি সামী বলেন, কোন পক্ষ ছাড়া ও উপযুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত না হলে জনগণ নির্বাচন গ্রহণ করবে না।
সামী বলেন, আমি মনে করি, গত কয়েক মাসের নির্বাচন কমিশনের কার্যাবলী জনগণের আস্থা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণেই নির্বাচন কমিশনে সংস্কারের বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে।
তবে রাষ্ট্রদূত আবুল আহসান মনে করেন, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে, সেই নিরাপত্তাজনিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানত আগ্রহ দেখিয়েছে।
অধ্যাপক ইমতিয়াজ জানান, বৃহৎ দু’টি রাজনৈতিক দল যদি প্রত্যাশা অনুযায়ী কাজ না করতে পারে, তাহলে তা দেশের জন্যে অনিশ্চয়তা ছাড়া আর কিছুই বয়ে আনবে না।
