চট্টগ্রামে ১১ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ
যান্ত্রিক ত্র“টির কারণে শনিবার ভোর থেকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (সিইপিজেড) শহরের প্রায় অর্ধেক এলাকায় প্রায় ১১ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
ব্যবসায়ী ও আবাসিক গ্রাহকরা জানান, ১১ ঘন্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাণিজ্যিক ও গৃহস্থালি কাজে গ্যাসের চরম সংকট দেখা দেয়।
বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) কর্মকর্তারা বিডিনিউজকে জানান, দীর্ঘ সময় গ্যাস সরবরাহ প্রক্রিয়া চলার পর শুক্রবার রাত ১টার দিকে হঠাৎ করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পয়েন্টে ছিদ্র দেখা দেয় এবং একটি বাল্ব অকার্যকর হয়ে যায়। এরপর বড় ধরনের দুর্ঘটনার আশংকায় কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
এ ঘটনার পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, আগ্রাবাদ, হালিশহর, সদরঘাট এবং আশোপাশের এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই সাথে পাথরঘাটা, জামাল খান, কাজির দেউরি ও এনায়েত বাজার এলকায়ও গ্যাস সরবরাহ সীমিত হয়ে আসে বলে এলাকাবাসীরা জানান।
সকালে নাস্তা তৈরির জন্যে রান্নাঘরে গিয়েই নগরবাসী বিষয়টি টের পান। তবে নগরীর অন্য এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ না থাকলেও গ্যাসের চাপ ছিল কম। ফলে আবাসিক গ্রাহকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
বিজিএসএল’র একজন প্রকৌশলী জানান, সকাল বেলায়ই পাইপলাইনের ছিদ্র সারানো হলেও নষ্ট বাল্বটি দু’বার করে সারাতে হয়েছে। তাই গ্যাস সরবারহ স্বাভাবিক করতে বিলম্ব হয়েছে।
বেলা সাড়ে ১১টায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়েছে বলে বিজিএসএল কর্মকর্তারা জানালেও পূর্ণমাত্রায় সরবরাহ শুরু হতে দুপুর সাড়ে ১২টা লেগে যায়।
