জ্বালানি তেল ইস্যুতে সরকার সংকটে
জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হতে পারে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের এমন ইঙ্গিতের পর ঢাকার বাইরের অনেক ফিলিং স্টেশন মালিক তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এমনকি অনেক স্টেশন থেকে হঠাৎ করে পেট্রোল উধাও হয়ে গেছে। এ নিয়ে চরম সংকটাপন্ন অবস্থায় পড়েছে সরকার।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বৃহস্পতিবার একথা স্বীকার করে বলেছেন, তাদের কাছে এমন সংবাদ আসছে যে, কোনও কোনও জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে এবং কোথাও কোথাও প্রতি লিটারে নির্ধারিত মূল্যের চেয়ে এক থেকে দুই টাকা বেশি আদায় করা হচ্ছে।
এছাড়াও গত দু’দিনের তুলনায় বৃহস্পতিবার পাম্পগুলো থেকে দ্বিগুণ পরিমাণ তেল উধাও হয়ে গেছে বলে তিনি সাংবাদিকদের জানান।
উপদেষ্টার কথামতো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর তিনটি কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনাকে পাম্পগুলোতে বাড়তি তেল সরবরাহ না করার নির্দেশ দিয়েছে।
ফিলিং স্টেশনগুলোকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে বাধ্য করার জন্যে জ্বালানি বিভাগ থেকে জেলা প্রশাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেসব পাম্প মালিক বিক্রি বন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ।
ফিলিং স্টেশনগুলো থেকে হঠাৎ করে তেল উধাও হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সরকার চোরাচালানের মাধ্যমে এসব তেল দেশের বাইরে পাচার হয়ে যাওয়ার আশংকা করছে।
জ্বালানি উপদেষ্টা জানান, চোরাচালান বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিডিআর সদস্যদেরকে টহল জোরদার করতে বলা হয়েছে।
তিনি বলেন, গত চার-পাঁচ মাসে জ্বালানি তেলের চাহিদা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল। এতে ধারনা করা হয়েছিল যে চোরাচালান প্রতিহত করা গেছে।
এই মুহূর্তে মন্ত্রণালয় বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি তেলের দাম বাড়ানো উচিত হবে না বলে তিনি মন্তব্য করেন।
তবে মাহমুদুর রহমান বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্যে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২৯ জানুয়ারি যে সভা আহ্বান করেছেন সেখানে বিপিসি’র দেনা পাওনা নিয়ে আলোচনা করা হবে।
তিনি বলেন, বৈঠক অনুষ্ঠানের ব্যাপারটি তাৎক্ষণিক নয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ইস্যু উত্থাপিত হওয়ার অনেক আগে এ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয় বলে তিনি জানান।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে এমন সংবাদের পর কোনও কোনও পাম্প মালিক বিক্রি বন্ধ করে দিয়েছে, আবার কেউ কেউ এক থেকে দুই টাকা বেশি চার্জ নিচ্ছে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে এমন ইঙ্গিত দিলে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়াগুলো এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ ও প্রচার করে।
মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম বতর্মানে আন্তর্জাতিক বাজারেরর তুলনায় পাঁচ টাকা কম।
তিনি বলেন, একই সাথে বিপিসি প্রিতি লিটার তেলের জন্যে সরকারকে দেয় আট টাকা। এক্ষেত্রে বিপিসির লোকসানের পরিমাণ তিন হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
তবে সরকার যদি বিপিসির কাছ থেকে রাজস্ব না নেয় তবে সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দেবে বলে তিনি জানান।
জ্বালানি উপদেষ্টা বলেন, এ সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে মুদ্রাস্ফীতি দেখা দেবে।
তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনও সংকট নেই। দেশে বর্তমানে এক মাসের তেল মজুদ আছে। এছাড়া তেল নিয়ে আরও জাহাজ আসার পথে রয়েছে।
সরকার বর্তমানে জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে এলসি খুলছে। বিপিসির কাছে ৫ হাজার পাঁচশ কোটি টাকা পাওনা থাকায় সোনালী ব্যাংক এলসি খোলা বন্ধ করে দিয়েছে।
এদিকে জ্বালানি তেল আমদানির জন্যে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে। তবে তেল আমদানির জন্যে সরকারের ৭৫০ মিলিয়ন ডলার ঋণ দরকার।
