২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা হামলায় আহত ৭ জনের অবস্থা আশংকাজনক, আটক ৩

মেহেরপুরের গাংনী উপজেলার দাসপাড়ায় কীর্তন অনুষ্ঠানে বোমা হামলায় আহত সাতজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বুধবার রাতে ওই বোমা বিষ্ফোরণে একজন নিহত এবং সাতজন আহত হয়।

র‌্যাব, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দাসপাড়ায় তারাপদ দাসের পিতা সতীশ দাসের মৃত্যুবার্ষিকীতে কীর্তন অনুষ্ঠান চলছিল। এসময় পরিবারের সদস্যসহ আশপাশের ৪০/৫০জন উপস্থিত ছিল।

রাত ১০টার দিকে বাড়ির পূর্বদিক থেকে পর পর দুটি বোমা অনুষ্ঠানে এসে পড়লে ওই বাড়ির আনন্দের স্ত্রী দীপালি (৩০) ঘটনাস্থলে নিহত হয়।

এছাড়া অনিল চন্দ্র দাস (৬০), রেনুকা (৪০), প্রার্থনা (৩), সুজন (২৫) অজিত (৫০), ছোট অজিত (২৫) ও অনন্ত দাস (৬০) নামে সাতজনের শরীর ঝলসে যায়।

আহতদের স্থানীয় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এদের মধ্যে অনিল, রেনুকা ও প্রার্থনাকে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাতে র‌্যাব অভিযান চালিয়ে সলিল দাস, সিপন দাস ও মিলন দাসকে আটক করেছে। গাংনী র‌্যাব--৬ ব্যাটেলিয়নের এএসপি সিরাজউদ্দীন আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ওই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের স্থানীয় সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।