রোকা-বাবর সাক্ষাৎ: উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ওয়াশিংটন
বাংলাদেশে উগ্রবাদ, সন্ত্রাসী তৎপরতা ও মানবাধিকার লংঘনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা বৃহস্পতিবার এসব সমস্যা মোকাবেলায় ঢাকার সক্ষমতা বাড়াতে মুদ্রা পাচারের উপর কড়া নজরদারি ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার কার্যালয়ে বৃহস্পতিবার ক্রিস্টিনা রোকার সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চায়, বাংলা ভাইকে গ্রেপ্তার করতে সরকারের পরিচালিত অভিযান অব্যাহত থাকুক। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রশিক্ষণ দিতে সফররত মার্কিন কর্মকর্তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।
তবে বৈঠকের ব্যাপারে ক্রিস্টিনা রোকা সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি।
পরবর্তীতে বাবর সাংবাদিকদের বলেন, জামা’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তৎপরতায় রোকা তার উদ্বেগ প্রকাশ করেছেন। দেশজুড়ে সম্প্রতি বোমা হামলার জন্য দায়ীদের গ্রেপ্তার করতে সরকার যে প্রচেষ্টা চালিয়ে রোকা তার প্রশংসা করেছেন।
সন্ত্রাসবাদ প্রতিহতকরণ ইউনিট স্থাপনের ব্যাপারে কোন আলোচনা হয়নি বলে উল্লেখ করে বাবর বলেন, আমাদের কোথায় সহায়তা প্রয়োজন তারা তা জানতে চেয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা বহুদিন ধরেই তথ্য আদান-প্রদান করছি এবং এটি আরো গভীরতর হয়েছে। উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নৈতিক সমর্থন দিয়েছে এবং তারা সন্তুষ্ট।
তিনি বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ‘ক্রসফায়ার’ সম্পর্কে তারা কিছু বলেননি।
দুই দিনের সরকারি সফরে রোকা বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান। ইতোমধ্যে তিনি পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা রিয়াজ রহমান ও পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন।
