নির্বাচন-পূর্ব সময়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির আশংকা করছে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার আশংকা প্রকাশ করে বলেছে, বাংলাদেশের ২০০৭ সালের জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংস ঘটনার মাত্রা বৃদ্ধি পেতে পারে।
তিনদিনের বাংলাদেশ সফর শেষে ইইউ’র উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রয়কা প্রতিনিধি দল এক বিবৃতিতে তাদের এ আশংকা প্রকাশ করে।
বিবৃতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি বড় উদ্বেগের বিষয় বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা ও তাদের বিরুদ্ধে বিভিন্ন সহিংস ঘটনা এবং এই সহিংস ঘটনার পরিমান নির্বাচন-পূর্ব সময়ে বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় ইইউ উদ্বিগ্ন। আর তাই এটি প্রতিহত করতে প্যারিস প্রিন্সিপালসসহ জাতিসংঘ আদর্শের আওতায় ২০০৬ সালে একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করতে ইইউ সরকারকে উৎসাহিত করছে।
সফরকালে ট্রয়কা প্রতিনিধি দল ক্ষমতাসীন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিরোধী দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছে।
বিবৃতিতে পার্বত্য শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়ন ও সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইইউ ট্রয়কা প্রতিনিধি দল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ইইউ’র বর্তমান, সর্বশেষ ও পরবর্তী সভাপতি দেশের প্রতিনিধি, ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ও হাই রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিদের নিয়ে গড়া ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কার এটাই প্রথম বাংলাদেশ সফর। উচ্চ পর্যায়ের এ দলটির ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৫টি দেশের পক্ষে কথা বলার অধিকার রয়েছে।
